> প্রিয় অসুখ পর্ব ৭, ৮ | Bangla Story | বাংলা নতুন গল্প | Bangla New Story
-->

প্রিয় অসুখ পর্ব ৭, ৮ | Bangla Story | বাংলা নতুন গল্প | Bangla New Story

শ্রবণা গাঢ় ঘুমে তলিয়ে গেছে। কিন্তু চোখেমুখে অতৃপ্তির ছায়া। শীতুলের বিরক্ত লাগতে শুরু করেছে এখন। এত সুন্দর একটা মেয়ে কেন এরকম সবসময় হতাশায় ভোগে? সুন্দর মেয়েদের সবসময় হাসিখুশি আর ফুরফুরে থাকা উচিত। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। শ্রবণার চেহারাটা আদরমাখা। ছোট্ট লম্বা নাক, চিকন মেদহীন চিবুক। ওকে একবার বলতে হবে যেন সবসময় হাসিখুশি থাকে। হাসলে গালে টোল পড়ে কিনা খেয়াল করা হয়নি। না পড়ারই কথা। টোল পড়বে নাদুসনুদুস গালে, মেদহীন গালে টোল পড়ে কিনা শীতুলের জানা নেই। 

শ্রবণার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে দৃষ্টি ফিরিয়ে নিলো শীতুল৷ ইয়ারফোনে গান বেজে চলেছে, 
'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়..
দেখতে আমি পাইনি।
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে..
আমার হৃদয় পানে চাইনি...'

গানটা শুনতে শুনতে আরেকবার শ্রবণার দিকে তাকালো শীতুল। তারপর মনে মনে বললো, 'কত মেয়ে দেখি, কত মেয়ের সাথে পরিচয় হয়। অথচ কোন দূরত্বের এক অজানা অচেনা মেয়ে আমার হৃদয় হরণ করে নিলো। না জানি নাম, না জানি পরিচয়। কিভাবে তাকে খুঁজে পাবো আল্লাহ ই জানেন। এবার বোধহয় বিজ্ঞাপনে নামতে হবে।'

শীতুল অজান্তেই হেসে উঠলো। ট্রেন সুন্দর গতিতেই চলছিলো। হঠাৎ একদিকে বাঁকা হয়ে কেঁপে উঠলো পুরো কক্ষ। শ্রবণা চমকে ঘুম থেকে উঠে শীতুলের দিকে তাকালো। শীতুলও কিছু বুঝে উঠতে পারলো না। বেশিরভাগ যাত্রীরাই ঘুমে অচেতন ছিলো বলে প্রত্যেকেই চোখ কচলে তাকাচ্ছেন। ট্রেন কেঁপে কেঁপে চলছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখে কৌতুহল। 

এমন সময় ট্রেনের গতি কমে এলো। অনেক বড় হুইসেল দিয়ে থেমে গেলো হঠাৎ। শ্রবণা ভয় ভয় চোখে শীতুলের দিকে তাকালো। শীতুল শ্রবণাকে অভয় দিয়ে বললো, 'ডোন্ট ওরি, কিচ্ছু হয়নি।'
- 'তাহলে ট্রেন থামলো কেন?'
- 'মাঝেমাঝে এরকম থেমে যায়। ভয়ের কিছু নেই। একটু পরেই আবার ছাড়বে।'

শ্রবণা আশ্বস্ত হয়ে মাথা নিচু করলো। একটা দীর্ঘশ্বাস ছাড়তেই শীতুল বললো, 'আপনাকে বারণ করেছিলাম এত বড় শ্বাস না ফেলার জন্য।'

শ্রবণা হাসার চেষ্টা করে বললো, 'সরি। আর হবেনা।' 

কিছুক্ষণের মধ্যেই ট্রেনের কক্ষে গুঞ্জন শুরু হলো। নিশ্চয় কিছু একটা হয়েছে। শীতুল শ্রবণাকে ইশারায় শান্ত থাকতে বলে সিট ছেড়ে উঠে এলো। উঠে এসে যা শুনলো তাতে চোখ ছানাবড়া হয়ে গেলো ওর। ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে! একটি রোড সিগনাল পার হতে গিয়ে রাস্তায় উঠে গিয়েছিলো ট্রেন। গত সাতাশ বছরের জীবনে শীতুল এরকম ঘটনা কখনো শোনেনি। বুকের ভেতর ঢিপঢিপ করে উঠলো। অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানালো শীতুল। 

সিটে ফিরে এসে শ্রবণাকে খুলে বললো ব্যাপারটা। শুনে শ্রবণার নিজেরও শরীর কাটা দিয়ে উঠলো। বাস এক্সিডেন্ট হয়, লঞ্চ এক্সিডেন্ট হয় এরকম অনেক শুনেছে ও। কিন্তু ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা এই প্রথম শুনলো। বুক কেঁপে গেলো ওর। 

শীতুল ব্যাগ কাঁধে নিয়ে ট্রেন থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলো। শ্রবণা কৌতুহলী চোখে তাকাচ্ছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। শীতুল কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সিটে রেখে বললো, 'এটা একটু দেখে রাখবেন প্লিজ? আমি দেখে আসছি একবার।'

শ্রবণা মাথা ঝাঁকালো। শীতুল নেমে গিয়ে দেখে এলো। বড়সড় দূর্ঘটনা ঘটতে পারতো। কতক্ষণে ট্রেন ছাড়বে বোঝা যাচ্ছে না। তবে যখনই ছাড়ুক, আর ভরসা পাচ্ছে না শীতুল। এখনই নেমে আসতে হবে, বাকিটা পরে দেখা যাবে। 

ট্রেনে উঠে ব্যাগ কাঁধে নিতে নিতে শীতুল শ্রবণাকে বললো, 'বড়সড় এক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি।'

হাত দিয়ে দেখিয়ে দিয়ে বললো, 'রেললাইন এটা অথচ ট্রেন গেছে এই জায়গা দিয়ে। ভাবা যায়? আমার তো দেখেই হাত পা শিরশির করছে।'

শ্রবণা মুখ কাচুমাচু করে তাকিয়েই রইলো। শীতুল পানির বোতল ব্যাগে তুলতে গিয়ে আবার সিটে রেখে বললো, 'এটা রাখুন আপনার কাছে।'
- 'আপনি? কোথায় যাচ্ছেন?'
- 'আমি বাস ধরে ঢাকায় চলে যাবো।'
- 'তাহলে আমিও যাবো। আমাকে ফেলে যাবেন না প্লিজ।'

শীতুল ভ্রু কুঁচকে বললো, 'আপনাকে! সমস্যা নেই, ট্রেন দ্রুত ছাড়বে। টেনশন করবেন না..'
- 'এখন ট্রেনে বসে থাকতেও আমার ভয় হচ্ছে। কিন্তু নেমে গিয়ে কি করবো বুঝতে পারছি না। আপনার সাথে না নিলেও চলবে, অন্তত একটা বাসে তুলে দিন আমাকে।'

শীতুল কি বলবে বুঝতে না পেরে বললো, 'হুম আসুন।'

শ্রবণা ব্যাগ কাঁধে নিয়ে শীতুলের সাথে নেমে এলো। রাস্তার কোন জায়গা দিয়ে ট্রেন গেছে সেটা দেখিয়ে দিলো শীতুল। রাত হলেও লোকজনের ভীড় জমে গেছে। যাত্রীরা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় হাঁটাহাঁটি করছে দেখে শ্রবণার আরো মন কেমন করতে শুরু করলো। এত গুলো মানুষ এখন কি করবে সেটা ভেবেই অস্থির লাগছে। হয়তো তারাতাড়ি ট্রেন ছাড়ার ব্যবস্থা করা হবে তবুও অশান্তি লাগছে। সব যাত্রীর মনের অবস্থা হয়তো এরকম। তার উপর এখন মাঝরাত। এরকম বিপদে এর আগে কখনো পড়েনি শ্রবণা।

রাত ১ টা 
দুজনে হাইওয়ের পাশে ফুটপাতে দাঁড়িয়ে আছে। শীতুলের ভীষণ ক্লান্ত লাগছে। এমনিতেই গত কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলো সকালে বাসায় পৌঁছে একটা ফ্রেশ  ঘুম দেবে। রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে কোনো বাসই থামানো যাচ্ছে না।

শ্রবণা বললো, 'আমার না খুব মজা লাগছে।'
- 'মজা লাগছে? মজা করতে মজা লাগছে?'
- 'না সত্যি মজা লাগছে। এরকম সিচুয়েশনে আগে কখনো পড়া হয়নি তো। ব্যাপারটা সিনেম্যাটিক হয়ে গেলো না? একটা ছেলে, একটা মেয়ে। হাও ইন্টারেস্টিং!'

শীতুল ঠোঁট বাঁকা করে হেসে বললো, 'মেয়েরা এরকমই হয়। একটু বাদে হয়তো বলবেন আমি আপনাকে লাইন মারার চেষ্টা করছি।'
- 'নাহ এটা বলবো না। এটা হলে অবশ্য ভালোই হতো। আমি তো সেটাই চাই। কিন্তু আমি জানি সেটা কখনো হবে না।'

শীতুল অবাক হয়ে বললো, 'সেটাই চান মানে!'
- 'না মানে একটা মেয়ে তো চাইবেই একটা ছেলে তাকে পটানোর চেষ্টা করুক।'
- 'হায়রে। মহিলা মানুষ দের মাথায় কি যে ঘোরে...'
- 'দেখুন আমাকে মহিলা বলবেন না, আমি মেয়ে। যুবতী মেয়ে।'
- 'হুহ তা তো বুঝতেই পারছি। মহিলা হলে ভয়ে কাঁপতেন। আনন্দ হচ্ছে কোন আক্কেলে বুঝতে পারছি না।'
- 'এডভেঞ্চার এডভেঞ্চার লাগছে আনন্দ হবে না? আনন্দ হতে আবার আক্কেলের কি দরকার?'
- 'আক্কেল জিনিসটা.. থাক এসব নিয়ে কথা বলতে চাইনা।'
- 'আমি জানি কি বলতে চান। মেয়েদের আক্কেল কম থাকে এটাই তো?' 

শীতুল ঠোঁট বাঁকা করে বললো, 'অদ্ভুত মেয়ে আপনি। একটা এসি বাস আসছে দেখি পাওয়া যায় কি না।'

এবারের বাসটাকে থামানো গেলো। সিটও পাওয়া গেলো, একটা সামনে আরেকটা পিছনের দিকে। ভাড়া ঠিক করে উঠে পড়লো দুজনে। শ্রবণাকে সামনের দিকে সিটে বসিয়ে রেখে পিছনের সিটে বসলো শীতুল। 'ফি আমানিল্লাহ' বলে যাত্রা শুরু করলো। এ যাত্রা যেন শুভ হয়। 

শীতুল সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তাকে বিদায় দিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। শ্রবণা একবার পিছন ফিরে শীতুলকে খোঁজার চেষ্টা করছিলো কিন্তু বাসের লাইট নিভিয়ে দিয়েছে। শীতুল যেখানেই বসুক, একই বাসে আছে তো। এই ভেবে মনকে সান্ত্বনা দিলো শ্রবণা। বাসের শীতল পরিবেশে দ্রুত ঘুম নেমে এলো চোখে। 

ঘুম ভাংলো শীতুলের ডাকে। শ্রবণা চোখ পিটপিট করে বললো, 'আবার কি হয়েছে?'

শীতুল হেসে বললো, 'ফুড ভিলেজ। ফ্রেশ হবেন না? কিছু খেয়ে নিন আসুন।'

শ্রবণা মাথা ঝাঁকিয়ে উঠে পড়লো৷ রেস্টুরেন্টে একসাথে বসে নাস্তা করা পর্যন্ত দুজনের মধ্যে তেমন কোনো কথা হচ্ছিলো না। শুধু 'হ্যা', 'না' আর জরুরি দু একটা প্রশ্ন। শ্রবণা আগ বাড়িয়ে কিছু বলতে চাইছে না। বললেই আবার অদ্ভুত প্রজাতি বলে বিরক্তি প্রকাশ করবে। এমনিতেই লোকটাকে বিপদে ফেলে দিয়েছে। 

নাস্তা করার পর শীতুল শ্রবণাকে বাসে উঠতে বলে দোকানের দিকে এগোলো। শ্রবণা ঠায় দাঁড়িয়েই রইলো সেখানে। শীতুল কি করছে অজান্তেই সেটা খেয়াল করছে ও। 

শীতুল দোকান থেকে একটা পানীয়ের বোতল কিনে ঢকঢক করে গিলে কুলি করে ফেলে দিলো। দূর থেকে দেখে মুচকি হাসলো শ্রবণা। তারপর আস্তে আস্তে হেঁটে এসে বাসে উঠলো। শীতুল বাসে উঠে শ্রবণার হাতে দুটো চকোলেট দিয়ে বললো, 'আবার ঘুমান। আশাকরি ঘুম থেকে উঠে দেখবেন ঢাকায় পৌঁছে গেছি।'

শ্রবণা ধন্যবাদ জানানোর আগেই শীতুল নিজের আসনে চলে এলো। মাথা ঘুরিয়ে পিছনে শীতুলকে একঝলক দেখে নিলো শ্রবণা। ছেলেটাকে প্রথম দেখেই প্রিয় অসুখ মনে হয়েছিলো। এখনও মনে হচ্ছে। কিন্তু প্রিয় অসুখ অন্য কাউকে ভালোবাসবে এরকম কথা তো কখনো ছিলো না। কাউকে এভাবে ভালোবাসার পরও তাকে না পাওয়ার কথা ভাবতে পারে না শ্রবণা। শীতুলকে জানানোর আগেই সে হারিয়ে গেলো। আজকের পর আর হয়তো কখনো দেখাও হবেনা। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে আগ্রহ করে ভাব জমাতো, রোমান্টিক মুডে কথা বলতো, পটানোর চেষ্টা করতো। শীতুল মোটেও সেরকম নয়। বরং শ্রবণাকে নিয়ে আরো বিরক্ত মনে হচ্ছে।

বাস ছেড়ে দিলে শ্রবণা আবার ঘুমানোর চেষ্টা করলো। শীতুলকে নিয়ে আর একটুও ভাবতে চায় না ও। ভুলে যাওয়ার চেষ্টা করাও বৃথা। তারচেয়ে বরং সময়ের উপর ছেড়ে দেয়া যাক। কিছু কিছু ব্যাপার সময়ের উপর ছেড়ে দেয়াই ভালো। সময় হয়তো শীতুলকে পাইয়ে দেবে কিংবা আস্তে আস্তে ভুলিয়ে দেবে। সময় সেই কাজটাই করবে যেটা শ্রবণার জন্য ভালো হবে। মনকে এভাবে সান্ত্বনা দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো শ্রবণা। 


বাস কলাবাগান কাউন্টারে এসে পৌঁছল ভোর চার টায়। শ্রবণা গভীর ঘুমে অচেতন ছিলো। শীতুল ঘুম ভাঙিয়ে শ্রবণাকে নিয়ে বাস থেকে নামলো। শ্রবণা চোখ কচলাতে কচলাতে বললো, 'এখনো তো রাত শেষ হয় নি। এত তাড়াতাড়ি চলে এলাম যে?'
- 'রাস্তা ফাঁকা ছিলো। বাস খুব দ্রুত চলেছে তো।'
- 'কিন্তু..'
- 'কি? থাকো কোথায়?'
- 'এই তো স্কয়ার হসপিটালের পাশেই বাসা।'
- 'বাহ! একে বলে কপাল। এখন বাসায় গিয়ে গোসল সেরে একটা ফ্রেশ ঘুম দাও।'

শ্রবণা মাথা চুলকে বললো, 'আসলেই একে বলে কপাল। বাসায় যেতে দু মিনিটের রাস্তা। অথচ গেট খুলবে সকাল সাতটায়।'
- 'সিরিয়াসলি? দাড়োয়ানকে বললে খুলে দেবে না?'
- 'আমাদের বাসায় দাড়োয়ান নেই। আংকেলকে ফোন দিলে নামবে না এতটুকু শিওর।'
- 'একা থাকো?'
- 'সাবলেট।'

শীতুল থমকে কি যেন ভাবলো। ফুটপাতে অনেক যাত্রী বাস থেকে নেমে বসে আছে। বেশিরভাগই ট্যুরিস্ট আর কিছু আদিবাসী। শীতুল ফুটপাতে অনায়াসে ধপ করে বসে পড়লো। শ্রবণা বসতে ইতস্তত করতে করতে শেষ পর্যন্ত বসে গেলো। চোখ কচলে বললো, 'এখনো ঘুম লেগে আছে। এসির হাওয়ায় মরার মত ঘুম দিয়েছিলাম।'
- 'কি যে বলো। অবশ্য ঘুমটা দরকার ছিলো।'
- 'এত যাত্রী এভাবে বসে আছে কেন? সবার কি বাসার গেট লাগানো?'
- 'ভোরের আলো ফুটলে সবাই চলে যাবে। এখন তো সিএনজি ভাড়াও বেশি। তাছাড়া বেশিরভাগই ট্রাভেলার দেখছো না?' 
- 'হুম। বাস গুলো কেন যে এত তাড়াতাড়ি নামিয়ে দেয়।'
- 'বাসের দোষ নেই। খাগড়াছড়ি থেকে আর্মির স্কর্টে একসাথে সব বাস ছাড়ে। রাস্তায় জ্যাম না হলে ভোর চারটা নাগাদ সব ঢাকায় ঢোকে। এখানে বেশিরভাগই খাগড়াছড়ির যাত্রী।'
- 'এত মানুষ খাগড়াছড়ি কি করতে যায়?'
- 'এখানে যতগুলো ছেলেমেয়ে দেখছো, বেশিরভাগ নিশ্চয় সাজেক ট্যুরে গিয়েছিলো। আর আদিবাসীরা তো আসবেই। আমরাও তো খাগড়াছড়ির বাসে এসেছি।'
- 'ওহ আচ্ছা। আপনি দেখেই সবকিছু বোঝেন?'

শীতুল হেসে বললো, 'এক্সপেরিয়েন্স কথা বলে। যাইহোক, মশা কামড়াচ্ছে?'
- 'তা তো কামড়াচ্ছেই। আপনাকে?'

শীতুল বিদ্রুপ করে বললো, 'আমার তো স্টিলের শরীর। আমাকে কেন কামড়াবে? কি যে অদ্ভুত কথা বলো।'

শ্রবণা লাজুক ভঙ্গিতে হাসলো। তারপর রাস্তার দিকে তাকালো। হাইওয়ে ফাঁকা। এখনো অন্ধকার রাত বিরাজমান। এইমুহুর্তে কোনো জ্যাম নেই এই শহরে। মাঝেমাঝে দু একটা বাস এসে দাঁড়ায়, যাত্রী নামিয়ে দিয়ে আবার হুশ করে চলে যায়। কাউন্টার গুলো সব বন্ধ। এমনকি কোনো দোকানও খোলা নেই। শুধু ফুটপাতে কাউন্টারের সামনে কিছু যাত্রী চাতকের মত বসে আছে ভোরের আলো ফোটার অপেক্ষায়। ল্যাম্পপোস্ট গুলো কি সুন্দর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় আলো নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। 

শীতুল জানতে চাইলো, 'কি ভাবছো?'

শ্রবণা নির্বিকার ভঙ্গিতে হাঁটু তুলে হাঁটুর উপর হাত রেখে বললো, 'ভাবছি ল্যাম্পপোস্ট গুলো কত মহান। সারারাত মাথায় আলো নিয়ে দাঁড়িয়ে থাকে।'

শীতুল অভিভূত হয়ে শ্রবণার দিকে তাকালো। বিস্ময়ে খানিক হেসে বললো, 'বাহ! অসাধারণ একটা কথা বলেছো তো। সারারাত মাথায় আলো নিয়ে দাঁড়িয়ে থাকে। গ্রেট!'
- 'হুম। আলো নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। না, আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে ধূলাবালি খাওয়া, গাড়ির হর্ন আর মানুষের কোলাহল সহ্য করা।'

শীতুল মাথা ঝাঁকালো। ভোরের আলো ফোটার আগে রাতের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। শহরের রাত গুলো আরো অদ্ভুত সুন্দর। ল্যাম্পপোস্ট গুলো হঠাৎ করেই যেন কোমল আলো দিতে শুরু করে। গাড়িগুলো সব বোধহয় নিয়মের মধ্যে এসে পড়ে। বিরতি দিয়ে একটা গাড়ি এসে দাঁড়ায়, আবার হুশ করে ছেড়ে চলে যায়। রাস্তাগুলো ফাঁকা, রাস্তার ধারে কয়েকটা রিক্সাওয়ালারা রিক্সায় পা তুলে বসে এদিক সেদিক তাকাচ্ছে। মাঝেমাঝে যাত্রীদের সাথে ভাড়া নিয়ে দড় কষাকষি হচ্ছে। ভাড়া বেশি শুনে কেউ আর যেতে চায় না। রিক্সাওয়ালা গুলো আবার ভাব নিয়ে বসে থাকে। 

শ্রবণার কথায় ওর দিকে ফিরে তাকালো শীতুল। শ্রবণা বললো, 'আপনি কোথায় থাকেন জানা হলো না তো।'
- 'ধানমন্ডি ২৭।'
- 'কাছেই তো আছে। একটা রিক্সা নিয়ে চলে যান। নাকি আপনারও বাসার গেট দেরিতে খুলবে?'
- 'আমি বাপের বাড়িতেই থাকি।'
- 'তাহলে তো ভালোই। চলে যান।'

শীতুল কিছু না বলে ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে খেতে আরম্ভ করলো। শ্রবণা উত্তরের আশায় শীতুলের দিকে তাকিয়ে আছে। শীতুল বিস্কুটের প্যাকেট এগিয়ে দিয়ে বললো, 'চলবে?'
- 'হ্যাঁ, থ্যাংকস।'
- 'একটা প্রশ্ন করি? যদি কিছু মনে না করেন।'

শ্রবণা উৎসুক চোখে শীতুলের দিকে তাকালো। শীতুল শ্রবণা'র চোখে চোখ রেখে বললো, 'আমাকে কতটুকু চিনেছেন এই অল্প সময়ের পরিচয়ে?'

শ্রবণা ঝটপট উত্তর দিলো, 'মানুষ হিসেবে খুবই ভালো, অন্য ছেলেদের সাথে তুলনা করলে সবার চেয়ে আলাদা।'
- 'আমার দ্বারা কোনো ক্ষতি হবেনা এতটুকু শিওর তো?'
- 'হুম হান্ড্রেড পারসেন্ট। কেন বলুন তো?'

শীতুল বিস্কুটের প্যাকেট শ্রবণার হাতে দিয়ে পানির বোতল বের করলো। ঢকঢক করে পানি খেয়ে সেটা নিচে রেখে বললো, 'আমার মা অনেক ভালো মহিলা। মা হিসেবে সবাই ভালো। আমি কিন্তু স্পেসিফিক মহিলা হিসেবে বললাম। উনি আমার মা ছাড়াও মেয়ে হিসেবে অনেক ভালো। তোমার জন্য খুব ভালো হবে যদি আমাদের বাসায় যেতে কোনো আপত্তি না থাকে?'

শ্রবণা বিস্ময়ে তাকিয়ে রইলো। শীতুল বললো, 'না মানে এভাবে সাতটা পর্যন্ত রাস্তায় বসে থাকার কোনো মানে হয় না। প্রচণ্ড মশা কামড়াচ্ছে, পরে ডেঙ্গু বেঁধে যাবে। তাছাড়া বাসে আমার ঘুম হয়না, বাসায় গিয়ে একটা ফ্রেশ ঘুম দিতে হবে। আপনাকে ফেলে যাওয়াটা কেমন বেখাপ্পা দেখায়। বাকিটা আপনি ভেবে দেখুন।'

শ্রবণা মনেমনে খুশি হলো। প্রকৃতি কি তাহলে অনুকূলে আসতে চাইছে! পরিস্থিতি শীতুলের বাসা দেখার সুযোগ করে দিতে চাইছে। পরিস্থিতিকে আরো সামনে বাড়তে দেয়া উচিৎ। দেখা যাক কতদূর নিয়ে যায় সে?

শীতুল জিজ্ঞেস করলো, 'কি ভাবছো?'
- 'যেতে পারি। কিন্তু আপনাকে অযথা বিরক্তিতে ফেলে দিতে চাইছি না।'
- 'বিরক্ত কি কম করেছো?'

বলতে বলতে হেসে ফেললো শীতুল। শ্রবণাও হেসে উঠলো। শীতুল হাসি থামিয়ে ব্যাগ কাঁধে নিতে নিতে উঠে দাঁড়ালো। কেন যেন প্রচণ্ড হাসি আসছে ওর। শ্রবণাও মিটমিট করে হাসছে। শীতুল শ্রবণার ব্যাগটা হাতে নিয়ে বললো, 'আমাকে দাও। আমার বাসার মেহমানকে সযত্নে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব না?'

শ্রবণা মুচকি হেসে বললো, 'কেউ বিরক্ত হতে চাইলে আমার কষ্ট নেই। কিছু কিছু মানুষকে বিরক্ত হলে আরো সুন্দর দেখায়।'
- 'সুন্দরের গুষ্টি কিলাই। হিজড়া রা দেখলেই গায়ের উপর উঠে পড়ে।'

শ্রবণা হো হো করে হেসে উঠলো। হাসি থামতেই চাইছিলো না। শীতুল একটা সিএনজি ডাক দিলে শ্রবণা বললো, 'রিক্সায় গেলে কি রিস্ক আছে?'

শীতুল একটু ভেবে বললো, 'আযান হয়ে গেছে। এখন আশাকরি কোনো সমস্যা হবে না।'
- 'আমার অনেকদিনের ইচ্ছে অন্ধকারাবৃত ভোরে ঢাকা শহরে রিক্সায় ঘুরবো। পুরো রাস্তা থাকবে ফাঁকা। জ্যামহীন ঢাকায় ভোরবেলা ঘুরতে দারুণ উপভোগ্য লাগবে না?'

শীতুল বাঁকা ঠোঁটে হেসে বললো, 'ভেবেছিলাম নিরামিষ। এখন দেখছি আমিষও আছে।'

শ্রবণা ভ্রু কুঁচকালো। শীতুল রিক্সা ঠিক করে শ্রবণাকে উঠতে বললো। শ্রবণা রিক্সায় উঠে হাত বাড়িয়ে নিজের ব্যাগ নিয়ে ব্যাগটা কোলের উপর রেখে আনন্দে টগবগ করতে লাগলো।

শীতুল পাশে বসার পর শ্রবণা'র এত আনন্দ হচ্ছিলো যে চিৎকার দিতে যাচ্ছিলো। শীতুল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানছেন। শো শো করে বাতাস লাগছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আয়রনযুক্ত পানিতে পেয়ারা পাতা ডুবিয়ে রাখলে যে রঙ হয়, ভোরের রংটা ঠিক সেরকম লাগছে। এরকম একটা সকাল কখনো দেখেনি শ্রবণা।

শীতুল শ্রবণা'র আনন্দ দেখে প্রথমে অবাক হলেও পরে নিজেই বুঝতে পারলো রিক্সায় উঠে কতটা ভালো করেছে। এত সুন্দর একটা সকাল না দেখলে জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যেত। অবশ্য ভোরবেলা ফুটপাতে ল্যাম্পপোস্টের আলোয় বসে থাকার মাঝেও একটা অন্যরকম অনুভূতি ছিলো। আজকের সকালটা সত্যিই অন্যরকম, একেবারে অন্যরকম।

ফাঁকা রাস্তায় রিক্সা যেন উড়ে চলেছে। এতেও আনন্দ হচ্ছে ভীষণ। শ্রবণার গান গাইতে ইচ্ছে করছে। গুণগুণ করে গেয়েও উঠলো দুটো লাইন। একটা কথা মনে পড়ে যাওয়ায় গান থামিয়ে শীতুলের দিকে তাকালো। জিজ্ঞেস করলো, 'আচ্ছা তখন আপনি ওটা বললেন কেন?'
- 'কোনটা?'
- 'এই যে, একেবারে নিরামিষ না। আমিষও আছে। আমিষ বলতে?'

শীতুল হাসতে হাসতে বললো, 'আরে বাবা ফাজলামো করেছি। আমি ভেবেছিলাম একটু অদ্ভুত হলেও মেয়ে হিসেবে টিপিক্যাল মেয়েদের মতই হবে। কিন্তু কিছু কিছু জিনিস দেখে খুব অবাক হচ্ছি। আর দু একটা কারণ পেলে অসাধারণ বলাই যায়।'

শ্রবণা তাচ্ছিল্যের সুরে বললো, 'জাজ যদি এত নরমাল ব্রেইন পোষে, ভালো কিছু কি করে আশা করা যায়?'
- 'কি বললে?'
- 'থাক বাবা। এখন ঝগড়া করে এই সুন্দর সকালটাকে নষ্ট করে দিতে চাইছি না।'

শীতুল হাসলো। শ্রবণার সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছে ই ছিলো না। তবুও বন্ধুত্বটা হয়ে গেলো। মাঝেমাঝে না চাইলেও প্রকৃতি কিছু মানুষ জুটিয়ে দেন। হঠাৎ করে পুরনো সেই ব্যথাটা আবার চিনচিন করে উঠলো। শ্যামলতা! কোথায় তুমি? 

শ্যামলতার কথা মনে হতেই মনটা অশান্ত হয়ে গেলো। চিঠি পড়তে ইচ্ছে করছে। এই মুহুর্তে ব্যাগ থেকে ডায়েরি বের করে একটা চিঠি পড়ে ফেলা যায় না? কিন্তু এখন তো আবছা অন্ধকার। কোনোভাবেই পড়া যাবে না। মনটা নিমেষে খারাপ হয়ে গেলো শীতুলের। 

শ্রবণা বললো, 'এই সকালটা কিন্তু বাঁধিয়ে রাখার মত।'
- 'এত বড় ফ্রেম কোথায় পাবেন? আর সকালটা টাঙানোর মত দেয়ালই বা পাবেন কোথায়?'

শ্রবণা হেসে বললো, 'দুষ্টু মানুষ একটা। সবকিছু কি ফ্রেমে বাঁধাতে হয়? মনের ফ্রেমে মনের দেয়ালে টাঙিয়ে রাখবো।'
- 'সকালের সেই ফ্রেমে কি আমিও থাকবো?'
- 'হুম। আপনাকে ছাড়া সকালটা অন্যরকম হতোই না।'
- 'বাব্বাহ তাই! হুম নতুন একজন বন্ধু জুটে গেলো। অনিচ্ছাসত্ত্বেও বন্ধুত্ব হয়ে গেলো না?'
- 'তা হয়েছে। কিন্তু বন্ধুত্বের চেয়ে বেশিকিছু আশা করা যায় না?'
- 'আশা না করাই ভালো। কারণ সম্ভাবনা একেবারেই নেই।'

শ্রবণা একটা হালকা নিশ্বাস ফেললো। সম্ভাবনা যে একেবারেই নেই সেটা ও ভালো করেই জানে। তবে সময়ের স্রোত যেদিকে টেনে নিয়ে যায়, সেদিকে যেতে আপত্তি নেই শ্রবণা'র। জীবনের একজনই স্বপ্নের রাজকুমার ছিলো, প্রকৃতি হয়তো কষ্ট দিতে দিতে শেষবেলায় প্রসন্ন হতেও পারে। 

১০
বাসার সামনে পৌঁছে রিক্সাভাড়া মিটিয়ে গেটে শব্দ করলো শীতুল। দাড়োয়ান গেট খুলে দিয়ে বললো, 'কি অবস্থা চাচ্চু?'

শীতুল দাড়োয়ানকে জাপটে ধরে বললো, 'আরে চাচা কতদিন পর। ভালোই আছো তাহলে?'
- 'হ্যাঁ বাবা। স্লামালেকুম মামনি।'

শ্রবণা সালামের উত্তর দিয়ে শীতুলের সাথে বাসার ভিতরে প্রবেশ করলো। অজান্তেই প্রশ্ন করে ফেললো, 'উনি কি আপনার চাচা?'
- 'আরে না না। আমাদের বাসার দাড়োয়ান। চাচা বলে ডাকি।'
- 'দাড়োয়ানকে জড়িয়ে ধরার মত ছেলে এই শহরে কমই আছে।'
- 'আমি সবসময় নিজেকে কমের দলে রাখতেই চেষ্টা করি।'

শ্রবণা প্রসন্নভাবে হাসলো। শীতুল ওকে নিয়ে উপরে উঠে এলো। শীতুলের সাথে যত সময় পেরোচ্ছে তত মুগ্ধ হতে হচ্ছে। এদিকে শীতুলও কম অভিভূত হয়নি। কিন্তু ওর মনে শ্যামতার ছায়া অশান্তির ছাপ ফেলতে ফেলতে একেবারে কুঁকড়ে দিচ্ছে। 

শীতুল মাকে দেখেই জাপটে ধরলো। উনি ছেলেকে আদর করে দিয়ে শ্রবণার দিকে তাকালেন। সাত সকালে একটা মিষ্টি মেয়েকে দেখে অবাক হয়ে বললেন, 'কে রে বাবা?'

শীতুল পরিচয় করিয়ে দিয়ে বললো, 'আম্মু, ও আমার ফ্রেন্ড। বাস খুব ভোরে নামিয়ে দিয়েছে কিন্তু ওর বাসা দেরিতে খুলবে। তাই নিয়ে এলাম। একসাথে নাস্তা করবো। আগে আমাকে শাওয়ার নিতে হবে। গোসল না করলে ভালো লাগবে না। '

আন্টি গিয়ে শ্রবণাকে জড়িয়ে ধরে সৌজন্যতা সূচক হাসলেন। শীতুল শ্রবণাকে মায়ের সাথে থাকতে বলে নিজের রুমের দিকে গেলো। রুমে ঢুকে ব্যাগ থেকে ডায়েরি বের করে আগে ডায়েরির উপর চুমু দিলো শীতুল। তারপর ডায়েরিটা টেবিলের ড্রয়ারে রেখে চেঁচিয়ে মাকে বললো ব্যাগের কাপড়গুলো শুকাতে দিতে। 

মা শ্রবণাকে বাথরুম দেখিয়ে দিয়ে রান্নাঘরে গেলেন খাবার গরম করতে। এরপর শীতুলের ব্যাগ থেকে একটা একটা করে সব জামাকাপড় বের করে বিছানার উপর রাখলেন। শ্রবণা গোসল সেরে এসে দেখলো উনি শীতুলের জামাকাপড় গুলো যত্ন সহকারে বেলকুনিতে মেলে দিচ্ছেন। কিন্তু প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, শীতুল আগেই ডায়েরি নিজের ড্রয়ারে রেখে দিয়েছে। শ্রবণার সামলে কাপরগুলো বের করলে ডায়েরিটাও চোখে পড়তো ওর। কিন্তু প্রকৃতি সেটা হতে দিলো না। এদিকে শীতুল শাওয়ার ছেড়ে দিয়ে শ্যামলতাকে নিয়ে ভাবতে ভাবতে রোমাঞ্চিত হয়ে উঠছিলো। শ্যামলতার চেহারা কেমন হতে পারে সেটা ভেবে মনের মধ্যে ওর একটা ছবি আঁকার চেষ্টা করছিলো। 

মা শ্রবণার দিকে তাকিয়ে জানতে চাইলো, 'তোমার নামটা যেন কি?' 

শ্রবণা মুচকি হেসে বললো, 'আন্টি আমার নাম শ্রবণা। অবশ্য বাবা আমার নাম রেখেছিলেন শ্যামলতা।'
- 'আমি কি বলে ডাকবো?'
- 'শ্যামলতা বলে কেউ ডাকেনা। সবাই শ্রবণা নামেই চেনে। আপনিও শ্রবণা- ই বলুন।'
- 'আচ্ছা মা। তুমি থাকো কোথায়?'
- 'কলাবাগানে আন্টি।'
- 'কলা পাহারা দাও? হা হা হা।'

আন্টির সাথে শ্রবণাও হেসে উঠলো। এমন সময় শীতুল এসে বললো, 'কিসের এত হাসি শুনি?'

মা কথাটা বলতে বলতে আবার হেসে ফেললেন। শীতুলও হাসলো। শীতুল আর একটু আগেই এলে শ্রবণার 'শ্যামলতা' নামটা শুনতে পেতো। কিন্তু পরিস্থিতি এবারো ওদের সাথে অদ্ভুত খেলা খেললো। 





চলবে...





Writer:- মিশু মনি


NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Delivered by FeedBurner