![]() |
Bangla Poetry |
বাইরে ভীষণ ঝড় উঠেছে
মাতাল হাওয়া সুর তুলেছে
ছটফটে মন,চিন্তা ভীষণ
তোমার খোঁজ তো মেলেনা,
ঘড়ির কাঁটায় ৩টা একুশ
কই,তুমি তো এলেনা?
আজকে না'হয় মিটিংটা
ফোনালাপেই সারতে,
অফিস থেকে আজকে তুমি
জলদি এলেই পারতে।
হঠাৎ যেন শব্দ দরজায়
মনে হলো তুমি এসেছো বোধহয়,
দরজা খুলে দেখি হতাশায়
তোমার খোঁজ তো মেলেনা,
ভোরই তো প্রায় হতে চললো
কই,তুমি তো এলেনা?
জানোই তো,ঝড়ে আমার
ভীষণ ভয় করে,
আর কতক্ষণ পর বলোনা
আসবে তুমি ফিরে?
জানো,ওরা সবাই বলে
তুমি নাকি আর ফিরবেনা,
অফিসে বোধহয় কাজ আজ বেশি
পাগল ওরা,বুঝবেনা।
ওসব কথা যাক থাক
তুমি ফিরবে কখন হায়?
খাবার টেবিলে বেড়ে রাখা ভাত
রোজই তো জুড়িয়ে যায়।
আচ্ছা তোমার মনে কি পড়ে,
সেই জঙ্গলি গাছটার কথা?
লাগিয়েছিলে উঠোনের কোণে
বকেছিলাম আমি বৃথা।
আজ সেই গাছে ফুল এসেছে
নেতিয়ে পড়েছে প্রায়,
বেলা শেষে প্রতিদিন যেন সে-ও
তোমারই পথ চায়।
দেখোনা,আজও রাত ফুরালো
তবু তোমার খোঁজ মেলেনা
তিনটি শ্রাবণ পেরিয়ে গেলো,
কই,তুমি তো এলেনা?
লেখা: তাসনিম আক্তার লিজা।
